টানা আন্দোলন-ছুটির পর কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা

গাজীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৮ নভেম্বর): ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে জেলার ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফেরার চিত্র দেখা গেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে এবং অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। তবে শিল্প পুলিশ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি।

কারখানায় কাজে ফেরা নিয়ে ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে টানা তিন দিনের ছুটি ছিল। আজ কারখানা খুলেছে। আমরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে এসেছি। টানা আন্দোলনে মালিকপক্ষের পাশাপাশি আমাদের মতো শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে।’

সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার জানান, সকালে বাসার কাজ শেষ করে তিনি যথাসময়ে কর্মস্থলে এসেছেন। কয়েক দিন কারখানা বন্ধ থাকায় তাঁর খারাপ লেগেছে। পেটের দায়েই আন্দোলন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেতন কিছুটা বাড়ায় শ্রমিকদের অনেক উপকার হয়েছে, যা শুধু শ্রমিকেরাই ভালো বুঝতে পারেন।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ