১০টি পদক জিতে ফিরছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে পর্দা নামল ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিট-২০২৬’-এর। তিন দিনব্যাপী এই আসর থেকে ২টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে দেশে ফিরছে বাংলাদেশ দল।

এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে স্বপ্না খাতুনের রৌপ্য জয়সহ মোট ৭টি পদক অর্জন করেছেন লাল-সবুজের অ্যাথলেটরা। কলিঙ্গ স্টেডিয়ামে গত ২৫ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতার শুক্রবার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

আসরের প্রথম দুই দিনে একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জিতলেও শেষ দিনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দাপট দেখান বাংলাদেশের অ্যাথলেটরা। নারীদের লং জাম্পে ৬.০৮ মিটার দূরত্ব অতিক্রম করে আসরে নিজের দ্বিতীয় রৌপ্য পদক জেতেন স্বপ্না খাতুন। এর আগে বৃহস্পতিবার নারীদের ট্রিপল জাম্পে ১৩.২২ মিটার লাফিয়ে আসরে বাংলাদেশের প্রথম রৌপ্য পদকটিও এনে দিয়েছিলেন তিনি।

শেষ দিনে ব্রোঞ্জ পদক এসেছে ছয়টি ইভেন্ট থেকে। এর মধ্যে ব্যক্তিগত ইভেন্টে নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৭৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন সুমাইয়া দেওয়ান। ১০০ মিটার স্প্রিন্টেও তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। চতুর্থ স্থানে থাকা ভারতের সোনিকার (২৪.৭৪ সেকেন্ড) চেয়ে মাত্র ০.০১ সেকেন্ড এগিয়ে থেকে পদক নিশ্চিত করেন তিনি। এই ইভেন্টে ২৪.০৮ সেকেন্ডে শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা স্বর্ণ এবং ২৪.২৩ সেকেন্ডে ভারতের ভাবনা জি রৌপ্য জেতেন। বাংলাদেশের অপর প্রতিযোগী রুনা নুসরাত জাহান ২৫.৭৬ সেকেন্ড সময় নিয়ে ষষ্ঠ হন।

নারীদের শটপুট ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জেতেন জাকিয়া সুলতানা। ১৫.১৭ মিটার ছুড়ে ভারতের আনশু স্বর্ণ ও ১৪.৫৯ মিটারে ভারতের রিয়া ভার্মা রৌপ্য জেতেন; বাংলাদেশের মিনু খাতুন ৮.৫৯ মিটার ছুড়ে সপ্তম হন। এ ছাড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৬৪.৭৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন হাসিব খান।

ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি দলীয় রিলে ইভেন্টগুলোতেও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। শেষ দিনে পুরুষ ও নারী ৪×১০০ মিটার রিলে এবং পুরুষ ৪×৪০০ মিটার রিলে থেকে আরও তিনটি ব্রোঞ্জ পদক জিতে নেয় বাংলাদেশ দল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ