বাংলাদেশ আক্রান্ত হলে ভারতের নিরাপত্তা বলে কিছু থাকবে না

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ নভেম্বর): ভারতের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে দেশটির নিরাপত্তা বলে কিছু থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী।

তিনি বলেছেন, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো আগ্রাসী শক্তিকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

মওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্রের একজন মন্ত্রীর এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেবল কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চরম হুমকি।

তিনি অবিলম্বে ভারতীয় মন্ত্রীর বাংলাদেশবিরোধী বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের জোন সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহ।

এতে আরও বক্তব্য দেন মাওলা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।

সমাবেশে বক্তারা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও আগ্রাসন ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন।

পরে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ