বিএনপির নাম করে চাঁদাবাজি-সন্ত্রাসে জড়িতদের কোনো জায়গা নেই

ঝিনাইদহ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৭ নভেম্বর): বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দলে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে কেউ যেন ভুলেও চোখ তুলে না তাকান।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন আর সমাজে বিএনপির বদনাম ছড়াবেন তা হতে পারে না। এক-দুজন চাঁদাবাজ ও মাদক কারবারির কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমি ধূলিসাৎ বা নস্যাৎ হতে দিতে পারি না। যারা বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। এরা দলের সম্পদ নন, বরং দল ও সমাজের জন্য জঞ্জাল, আবর্জনা এবং বোঝা।

প্রশাসনের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে আইনমন্ত্রী বলেন, আমি প্রশাসনকে বলব, এরপর কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বুজে তাকে গ্রেফতার করবেন। আপনারা দলের ও দেশের জন্য কাজ করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। যখনই ডাকবেন, তখনই আমাকে পাবেন। চাঁদাবাজদের অতীত ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে সতর্ক করে তিনি আরও বলেন, গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিলেন। আগামী বছরগুলোতেও তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে থাকবেন এবং সংকটকালে কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবেন। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।

জেলা পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এবং জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ টি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ