ভাঙছে ন্যান্সির তৃতীয় সংসার

বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): তৃতীয় সংসারেও বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসীন মেহেদীর সঙ্গে সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বিচ্ছেদের কথা জানান।

পোস্টে ন্যান্সি লিখেছেন, মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরের পর বছর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদের খবর জানিয়ে ন্যান্সি আরও লিখেছেন, যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, এই সময়ে তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি—আমাদের সিদ্ধান্তকে বুঝবেন, সম্মান করবেন এবং ব্যক্তিগত পরিসর বজায় রাখবেন।

জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ন্যান্সি। তিনি বলেন, জীবন নিজের মতো করে এগিয়ে যায়। আমি আশা করি, শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়কে গ্রহণ করতে পারব। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।

এটি ন্যান্সির ব্যক্তিগত জীবনে তৃতীয় বিচ্ছেদের ঘটনা। তিনি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে রোদেলা নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে।

২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। ২০২১ সালে ভেঙ্গে যায় তাদের দ্বিতীয় সংসার। এ সংসারেও তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম নায়লা।

দ্বিতীয় বিচ্ছেদের পর একই বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এবার সেই সংসারেরও ইতি টানার ঘোষণা দিলেন এই সংগীতশিল্পী। তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ