জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এবারের আয়োজনের উদ্যোগ নিয়েছে।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা ও উন্নয়নের পাশাপাশি এই খাতের অগ্রগতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী পর্বের পর প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ জন বিজয়ীর হাতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬’ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। গবাদি পশুর খামার ক্যাটাগরিতে সর্বপ্রথম পদক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদক গ্রহণের পর তিনি এবং বিউটি পাঠার খামারের স্বত্বাধিকারী বিউটি বেগম নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এরপর পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন সভায় বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন, যেখানে মোট ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। আজ থেকে শুরু হওয়া এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ