বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৬ নভেম্বর): ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি চলছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা পাঠ্যপুস্তক মুদ্রণ, সরবরাহ, বইয়ের মান ও বিতরণের দিনক্ষণ নিয়ে এসব তথ্য জানান।

মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের ছাপা ও সরবরাহ শতভাগ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ২৫ নভেম্বর পর্যন্ত প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে। অন্যদিকে, মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের অবশিষ্ট সব বই উপজেলায় পৌঁছে যাবে এবং নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি নিশ্চিত করেন।

বই বিতরণের সময়সূচি ও ব্যয় সংকোচন নীতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল অর্থের অপচয় হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতির সঙ্গে সংগতি রেখে এবার উৎসবের বদলে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের চিন্তা করা হচ্ছে। পাশাপাশি আগামী ২৪ ডিসেম্বর স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকায় ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত সাপেক্ষে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে; তবে সরকার যখনই চাইবে, এনসিটিবি তখনই বই দিতে প্রস্তুত রয়েছে।

বিগত বছরগুলোতে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের সংস্কৃতি বদলানোর কথা উল্লেখ করে প্রফেসর মাওলা বলেন, আগে কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হলেও বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মার্চ বা এপ্রিল মাস লেগে যেত। এবার সেই ধারা থেকে বেরিয়ে শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহ নিশ্চিত করার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে, যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।

বইয়ের গুণগত মান সম্পর্কে চেয়ারম্যান আশ্বস্ত করেন যে, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে মান নিশ্চিত করা হয়েছে। ফলে গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের মান অনেক উন্নত হবে। দ্রুত সময়ে বই পরিমার্জন, ছাপা ও সরবরাহের এই অগ্রগতির পেছনে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সংশ্লিষ্ট সকলের নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

নতুন বই ও কারিকুলামের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এনসিটিবি চেয়ারম্যান জানান, শিশুরা যাতে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়, সেজন্য প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে। এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে এবং এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ