কক্সবাজারে প্রায় ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর): উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির তিন অভিযানে প্রায় ৩০ কোটি টাকার ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় দুজন মাদক কারবারিকে আটক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ৩টায় উখিয়া ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য গণমাধ্যমকে জানান।
তিনি জানান, এর আগে ১১ নভেম্বর রাতে টেকনাফের হ্নীলা, হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া সংলগ্ন নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে একটি নৌকা আসার সময় বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকাটি থেকে ৭ থেকে ৮ জন মাদক কারবারি ইয়াবভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটস্থ কেওড়া বনে অবস্থান নেয়। পরবর্তীতে বিজিবির আরেকটি টহল দল স্পিডবোটযোগে কেওড়া বনের দিকে অগ্রসর হলে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে এগিয়ে যায়।
বিজিবির কড়া প্রতিরোধের মুখে কারবারিরা ইয়াবার বস্তাগুলো পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশি চালিয়ে ছোট-বড় ১০টি বস্তা থেকে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় বিজিবির আরেকটি পৃথক অভিযানে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উখিয়া উপজেলার পশ্চিম আঞ্জুমানপাড়া গ্রামের মো. সিদ্দিকের পুত্র। এছাড়া রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে পরিচালিত অভিযানে মো. হোসাইন নামের অপর এক তরুণকে (২০) ৪ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। হোসাইন চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা গ্রামের মো. আলমগীরের পুত্র।
সীমান্ত এলাকা দিয়ে সব ধরনের মাদক চোরাচালান সম্পূর্ণ রোধ করতে বিজিবির তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
মনোয়ারুল হক/
