রাজনীতি ঠিক না হলে দেশ ঠিক হবে না

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): দেশের রাজনীতি বর্তমান সময়ে সর্বগ্রাসী রূপ ধারণ করেছে বলে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, রাজনীতি সঠিক ট্র্যাকে ফিরলে পুরো দেশও ঠিক হয়ে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য যে, রাজনীতিবিদদের বড় একটি অংশ সাধারণ মানুষের স্বার্থ রক্ষার চেয়ে নিজেদের ব্যক্তিগত সুযোগ-সুবিধা আদায়েই বেশি ব্যস্ত থাকেন এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাদের যে ধরনের আন্তরিকতা থাকা প্রয়োজন, তা সবসময় দেখা যায় না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

বক্তব্যের শুরুতে দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির বিষয়টি জোরালোভাবে তুলে ধরে স্পিকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সংসদীয় ককাসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতির প্রসঙ্গ টেনে তৎকালীন প্রধানমন্ত্রীর এক একান্ত সচিবের (পিএস) বিরুদ্ধে ৪০০ কোটি টাকারও বেশি সম্পদের পাহাড় গড়ার অভিযোগের কথা উল্লেখ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তবে বক্তব্যে তাৎক্ষণিকভাবে শুধু ‘প্রধানমন্ত্রী’র পিএস’ বলায় বর্তমান প্রধানমন্ত্রীর প্রসঙ্গ চলে আসতে পারে এবং তা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতে পারে—এমন উপলব্ধি থেকে তিনি রসিকতা করে নিজের চাকরি হারানোর শঙ্কা প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ‘আমার চাকরিটা গেছিল এখনই।’ এরপর নিজের বক্তব্যের কিছুটা সংশোধন করে ৪৫০ কোটি টাকার কথা উল্লেখ করেন।

এ সময় পাশ থেকে একজন ‘আগের প্রধানমন্ত্রী’ স্মরণ করিয়ে দিলে স্পিকার নিজের বক্তব্য সংশোধন করে রসিকতার সুরে বলেন, ‘যা-ই হোক আগের (প্রধানমন্ত্রী)। আমার চাকরিটা গেছিল এখনই। যাই হোক, আমি মিন করেছি ৪৫০ কোটি টাকা তো তারেক রহমানের ইয়ের (পিএস) নাই।’

তিনি আরও যোগ করেন, ‘প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত এবং কথা বলার রাজনীতির মহান কারিগর, তার পিএস যখন ৪০০ কোটি টাকা বানিয়েছে—তো কারা দুর্নীতি করে, তা বোঝাই যায়।’

দুর্নীতির বিরুদ্ধে ককাসের ভূমিকার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে এই ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম কমিটি যেটা করবেন, দুর্নীতির বিরুদ্ধে। স্পিকার করলেও সেটাও বলবেন। এক নম্বরে বলবেন স্পিকারের কথা, তারপরে চিফের কথা।’

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে স্পিকার জানান, তার কখনোই রাজনীতি করার কোনো পরিকল্পনা বা দূরদূরান্তেও কোনো চিন্তা ছিল না। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে রাজনীতিতে আসার জন্য সরাসরি প্রস্তাব দিয়েছিলেন। সে সময় তার বাবা পাকিস্তান আমলের সংসদ সদস্য ছিলেন উল্লেখ করে জিয়াউর রহমান তাকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। কিন্তু তিনি তাতে রাজি হননি।

স্পিকার বলেন, ‘রাজনীতি করব কোনো দিন চিন্তা করিনি। প্রেসিডেন্ট জিয়া আমাকে ডেকেছিলেন ১৯৭৮ সালে। আমাকে বললেন যে, তোমার বাবা এমপি ছিল পাকিস্তান আমলে, তুমি আমরা দল করতেছি এখান থেকে ইলেকশন করো।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, স্যার, আমি কোনোদিন রাজনীতি করব না। আমার মাথায় ঢোকেনি। দেশের এত ক্ষমতাশালী রাষ্ট্রপতি বলছেন। আমার পরে দুজন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে তিনি ডেকেছিলেন। তারা দুজন যোগ দিয়েছেন, দুজনকে তিনি মন্ত্রী বানিয়েছেন। আমি তার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলাম সামরিক বাহিনীতে। আমার মাথায় ঢোকেনি যে, রাজনীতি করতে হবে। পরে যাই হোক, কপালে লিখন না যায় খণ্ডন, ঢুকেছি রাজনীতিতে।’

রাজনীতির অঙ্গন অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি বলেন, যারা সরাসরি রাজনীতির মাঠে থাকেন না, তাদের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় যে দেশ কেন এবং কীভাবে চলছে বা এর নেপথ্যে কী ঘটছে।

দেশের আজকের এই পশ্চাৎপদ অবস্থার জন্য রাজনীতিবিদদেরই প্রধানত দায়ী করেন স্পিকার। তিনি বলেন, ‘আজকে যে আমরা একটা পশ্চাৎপদ যাত্রী, এত মানুষ সুবিধাবঞ্চিত—এর জন্য আমরা রাজনীতিবিদরা দায়ী। আর কেউ দায়ী নয়। আমলাদের দোষ দেওয়া হয়, আমলারা তো আমাদের অধীনে।’

তার ভাষ্যমতে, একসময়ে প্রশাসনিক কর্মকর্তারা রাজনীতিবিদদের তুলনায় ঢের বেশি ক্ষমতাশালী ছিলেন। তবে আশির দশকের পর থেকে রাষ্ট্র ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি ধীরে ধীরে রাজনীতিবিদদের হাতেই চলে এসেছে। বর্তমানে শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী বা রাষ্ট্রপতিই নন, বরং গ্রামাঞ্চলের ছোটখাটো রাজনৈতিক দলের কর্মীরাও অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছেন।

গ্রামাঞ্চলের রাজনৈতিক কর্মীদের প্রভাব নিয়ে তিনি বলেন, ‘গ্রামাঞ্চলে যারা ছোটখাটো কর্মী রাজনৈতিক দলের, দে আর অলসো ভেরি পাওয়ারফুল। তারা অনেক কিছু করতে পারেন, অনেক মানুষের উপকার করতে পারেন, অনেক মানুষের ক্ষতি করতে পারেন। রাজনীতি এখন সর্বগ্রাসী। রাজনীতি ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে।’

রাজনীতিবিদদের আত্মকেন্দ্রিক মানসিকতার কঠোর সমালোচনা করে স্পিকার বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, আমরা নির্বাচিত হওয়ার পর বা অন্য সুযোগ-সুবিধা পাওয়ার পর, এমনকি দলের পদ পেলেও নিজেরা কীভাবে সুবিধা নেব, এ কারণে খুবই ব্যস্ত থাকি। সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের আগ্রহ, ঐকান্তিকতা সব সময় থাকে না। এটা অত্যন্ত দুঃখজনক।’

সব প্রতিকূলতার মধ্যেও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা এবং অজস্র মানুষের আত্মত্যাগের ফলেই আজ দেশে একটি গণতান্ত্রিক সংসদ অর্জিত হয়েছে। অতীতে দেশ নিয়ে চরম হতাশা কাজ করলেও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের শক্তির প্রকৃত রূপ নতুনভাবে উপলব্ধি করেছেন তিনি।

স্পিকার বলেন, ‘সত্যি বলতে কি, দুই বছর আগেও আমরা সবাই হতাশ ছিলাম। আমি তো পুরোপুরি হতাশ ছিলাম। এই দেশ আর রাহুমুক্ত হতে পারবে না। কিন্তু আমি অবাক হয়েছি, বাংলাদেশের জনগণের অন্তর্নিহিত শক্তি, সাধারণ মানুষের পিপলস পাওয়ার কত শক্তিশালী, তা আমরা দেখেছি ২০২৪ সালের জুলাই ও আগস্টে।’

তিনি আরও যোগ করেন, ‘তৎকালীন প্রতাপশালী রাজনৈতিক দলের নেত্রী-নেতারা মুহূর্তের মধ্যে পালিয়ে গেলেন। এটা জনগণের শক্তি। আমরা ক্রেডিট নিই, রাজনৈতিক দল সব সময় ক্রেডিট নেবে। কিন্তু সাধারণ মানুষ রাজপথে না নামলে এই মাফিয়াদের বিদায় করা যেত না। জনগণের এই শক্তিই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

সমাজের চলমান সব অসংগতি একসময় দূর হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, ‘এখন সমাজে যেসব অসংগতি আছে, এসব অসংগতি কিছুই টিকবে না। কারণ, আমাদের জাতি জেগে উঠেছে। এটা আমার ব্যক্তিগত ধারণা।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ