জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক জলবায়ু সংকটের মুখে থাকা দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পাঁচটি সুনির্দিষ্ট ও জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।
ভাষণের শুরুতে তিনি কপ-৩১ সফলভাবে আয়োজন করায় তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়ায় অস্ট্রেলিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান। আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ওপর ভিত্তি করে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমিত রাখতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী উদ্যোগ
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়া সত্ত্বেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে দেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।
‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রশাসন অর্থনৈতিক অগ্রগতি এবং পরিবেশের সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে মেটানোর উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস চুক্তির শর্তগুলোর সঙ্গে সংগতি রেখে নেট-জিরো বা শূন্য নির্গমন অর্জনে কাজ চলছে।
চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ এগিয়ে চলেছে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে। একই সঙ্গে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের শিল্প খাতকে সবুজ শিল্পায়নে রূপান্তর করতে উৎসাহ দেওয়া হচ্ছে, যার ফলে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফাইড তৈরি পোশাক কারখানা গড়ে উঠেছে। এছাড়া বৈদ্যুতিক গাড়ির মতো পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার বিস্তার, পাটজাত ব্যাগের মতো পচনশীল পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের উদ্দেশ্যে জাতীয় কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি নদী ও খালের পানি সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ পানির স্তর সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্তমান জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা ও সংকট
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা কঠোর ভাষায় তুলে ধরেন। তিনি জানান, বর্তমান বৈশ্বিক অর্থায়ন প্রক্রিয়া এখনো যথেষ্ট নয় এবং উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিরূপ প্রভাব দেশের অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে যুক্ত হওয়া ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপ এবং সীমিত আর্থিক সম্পদ সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল ও দুর্বিষহ করে তুলছে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন কোনো ঋণ নয়, বরং প্রয়োজন পর্যাপ্ত অনুদান। পাশাপাশি তাদের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির সহজলভ্যতা এবং অভিযোজন কার্যক্রমে শক্তিশালী সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
বিশ্ববাসীর সামনে জলবায়ু সুরক্ষায় ৫টি জরুরি প্রস্তাব উপস্থাপন করে প্রধানমন্ত্রী বলেন:
১. অভিযোজনে অর্থ বরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ন্যূনতম ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের আলোকে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ নিশ্চিত করতে হবে, পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রয়াসকেও সহায়তা দিতে হবে।
২. জরুরি ঋণ-ত্রাণ সুবিধা: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো কার্যকর উদ্যোগের মাধ্যমে জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।
৩. প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে সেসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
৪. নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের গতি ত্বরান্বিত করার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।
৫. বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম: কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের লক্ষ্যে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।
এ ছাড়া জলবায়ু কার্যক্রমে নারীদের পাশাপাশি তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তিনি একটি ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
পরিশেষে একটি ফলপ্রসূ ও সফল কপ-৩১ সম্মেলন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এবারের সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ এবং উচ্চাভিলাষী ফলাফল অর্জিত হবে বলে বাংলাদেশ আশা করে। বিশ্ববাসীর প্রতি তাঁর উদাত্ত আহ্বান ছিল, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
