প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর ফাঁকে স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের উন্নয়নমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং তাঁর নেতৃত্বকে ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে অভিহিত করছেন।

প্রতিমন্ত্রী জানান, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী দিনজুড়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সংবাদ সম্মেলনে তুলে ধরা এই কূটনৈতিক তৎপরতা ও বৈঠকের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সাক্ষাৎসমূহ

ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

আমন্ত্রণ ও পারস্পরিক সফর

প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও খুব শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আগামী বছরের সুবিধাজনক সময়ে সে দেশ সফরের আশ্বাস দিয়েছেন।

মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক সম্পর্ক

সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ওআইসির মহাসচিবের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

চীন ও উজবেকিস্তানের সঙ্গে বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জ্বালানি (ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনসহ), ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর গঠন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে চীনের সহায়তা প্রত্যাশা করা হয়। উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

তুরস্কের সঙ্গে সম্পর্ক ও শান্তিরক্ষা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মঙ্গলবারের ফলপ্রসূ বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

অন্যান্য কর্মসূচি

কপ৩১-এর সাইড ইভেন্টে ‘জিরো ওয়েস্ট’ ব্যবস্থাপনা বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি বর্জ্যকে সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে সরকারের নীতিগত উদ্যোগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ