পঙ্গু হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আধুনিকায়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদানের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) হাসপাতালটি পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন এবং আগামী ডিসেম্বরের মধ্যেই এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী নিটোরে নতুন আইসিইউ ইউনিট, আধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের জন্য ই-টিকেট ও কিউআর কোড সিস্টেম এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিৎসকরা নানা প্রতিকূলতার মাঝেও উদ্ভাবনী চিন্তা ও একাগ্রতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা যেন পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকে, সে জন্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা অসহায় রোগীদের প্রতি আরও বেশি মানবিক, সংবেদনশীল ও ধৈর্যশীল আচরণ করার জন্য চিকিৎসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, দেশের গোটা চিকিৎসাব্যবস্থাকে যুগোপযোগী ও কার্যকর করে তুলতে সরকার বহুমুখী সংস্কারমূলক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। স্বাস্থ্য খাতের অবকাঠামোগত মান উন্নয়ন ও আধুনিকায়নে যত পরিমাণ অর্থের প্রয়োজন হবে, তা প্রদানে সরকারের দৃঢ় সদিচ্ছা রয়েছে।

নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচির পর স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনও উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিভিন্ন ঘাটতি থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে স্বাস্থ্য খাতের মান অনেকটাই উন্নত ও ভালো অবস্থায় রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ