৭ হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশি ব্যাটার মুশফিক

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): দুই দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে নাম লেখালেন তিনি।

আজ (৯ নভেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের শেষ দিনে এই কীর্তি গড়েন মুশফিক। মধ্যাহ্নভোজের বিরতির পর রোস্টন চেজের করা বলে এক রান নিয়ে ব্যক্তিগত ৯ রানে পৌঁছানোর মাধ্যমেই পূর্ণ হয় তার ৭ হাজার টেস্ট রান।

ঐতিহাসিক এই মাইলফলক স্পর্শ করার মুহূর্তে তা বুঝতে পারেননি মুশফিক। পরবর্তীতে ড্রেসিংরুম থেকে সতীর্থরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালে বিষয়টি অনুধাবন করতে পারেন তিনি। এরপর হাসিমুখে সতীর্থদের অভিবাদনের জবাব দেন এই ব্যাটার।

এই অর্জনের মধ্য দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন তিনি। এর আগে ২০২২ সালে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন মুশফিক। পরবর্তীতে ২০২৪ সালে স্পর্শ করেন ৬ হাজার রানের মাইলফলক। আর এবার ৭ হাজারের ক্লাবে প্রবেশ করলেন প্রথম বাংলাদেশি হিসেবে।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের রান সংগ্রাহকদের তালিকায় মুশফিকের পরেই রয়েছেন মুমিনুল হক, যার সংগ্রহ ৫ হাজার ২৯৩ রান। তালিকার পরের অবস্থানেই আছেন তামিম ইকবাল। এর মাধ্যমে অন্যদের সঙ্গে মুশফিকের রানের ব্যবধানও বেশ বড় হলো।

শুধু রান সংগ্রাহক হিসেবেই নয়, টেস্ট সেঞ্চুরির তালিকাতেও সবার শীর্ষে রয়েছেন মুশফিক। সাদা পোশাকে তার সেঞ্চুরির সংখ্যা ১৪টি। এ তালিকায় মুমিনুলের ১৩টি এবং তামিমের রয়েছে ১০টি সেঞ্চুরি। মুশফিকের ক্যারিয়ারসেরা ইনিংসটি অপরাজিত ২১৯ রানের, যা একসময় টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল। যদিও চলমান সিলেট টেস্টেই ২৪২ রান করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন তৌহিদ হৃদয়।

উল্লেখ্য, ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিকের বর্তমান সিলেট টেস্টটি তার ক্যারিয়ারের ১০৭তম ম্যাচ। টেস্টে ৬ হাজার থেকে ৭ হাজার রানে পৌঁছাতে তার লেগেছে মাত্র ২৫ ইনিংস।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ