শেখ হাসিনাকে আসামি হিসেবে হস্তান্তর চাওয়া হবে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৯ নভেম্বর): ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ‘আসামি’ হিসেবে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ সময় ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেড় হাজার মানুষের মৃত্যুর পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি কোনো সাধারণ ভ্রমণকারী নন, বরং ফাঁসির দণ্ডপ্রত্যাশী আসামি। তাই তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটিও সাধারণ হবে না। পলাতক অবস্থায় যিনি চলে গেছেন, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত আনা হবে। ভারত সরকারের কাছে তাকে আসামি হিসেবে হস্তস্তরের আনুষ্ঠানিক আবেদন করা হবে।’
তিনি আরও বলেন, ‘দুই দেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তার পাসপোর্ট নিয়ে আলোচনা করাটা অর্থহীন। রাষ্ট্র কখনোই সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। রাজনৈতিকভাবে যিনি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, তাকে নিয়ে সরকারের অপ্রয়োজনীয় সময় ব্যয় করার কোনো সুযোগ নেই।’
এদিকে সোমবার সকালে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা তার আইনজীবীদের মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মাধ্যমে তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর বাংলাদেশ সরকারের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা এটিই প্রথম।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতা হারানোর পর দেশে ফিরে আসার রূপরেখা বাস্তবায়নের ক্ষেত্রে এটিই তার পক্ষ থেকে সবচেয়ে জোরালো পদক্ষেপ। এর আগে গত ডিসেম্বরেও দেশে ফেরার নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তিনি।
সে সময় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আইনি লড়াইয়ের মুখোমুখি হতে এবং আদালতে আত্মসমর্পণ করতে তিনি নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের মক্কেলের বর্তমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের যে সংবাদ প্রচার হয়েছে, তার পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও এনআইডি কার্ড ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক হিসেবে অধিকার এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার কথা বিবেচনায় রেখে যেন এই আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হয়।
মনোয়ারুল হক/
