পার্বত্য অঞ্চলে সহিংসতা-নিরাপত্তা পরিস্থিতি, সরকারের পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): গত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির জানতে চান যে, পার্বত্য অঞ্চলের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠী কর্তৃক হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সে বিষয়ে সরকারের নিকট কী তথ্য রয়েছে। পাশাপাশি তিনি বিগত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা সংঘটিত হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন, সে বিষয়েও জানতে চান।
উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ফলে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। এ ছাড়া এই একই সময়সীমার মধ্যে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। পাশাপাশি, নিরাপত্তা বাহিনীর ওপর মোট ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান যে, গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলোর কারণে বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া এই সময়ে সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহারের নজির রয়েছে।
পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা কঠোরভাবে দমনের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ বর্তমানেও চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম জোরালোভাবে প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ের বুকে লুকিয়ে থাকা অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের দমনে অত্যন্ত কঠোর নীতি গ্রহণ করা হয়েছে এবং সুনির্দিষ্ট অপরাধের অভিযোগের ভিত্তিতে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক ও নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সক্রিয় থাকা নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সব ধরনের সশস্ত্র তৎপরতা চিরতরে নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিতভাবে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়াও, বিভিন্ন নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়ে থাকে। এমনকি প্রয়োজন সাপেক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টারও ব্যবহার করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে আরও যোগ করেন যে, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের মূল উৎস এবং অর্থনৈতিক খাতগুলো নিবিড়ভাবে চিহ্নিত করে সেগুলোর ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাহাড়ের বুকে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করতে চেকপোস্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পথ দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি তাদের সক্ষমতা আরও বাড়িয়েছে এবং ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে নজরদারি বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে সমতলের যেসব উৎস ও নেটওয়ার্ক জড়িত রয়েছে, তা পুলিশ ও এসআরবি কর্তৃক সফলভাবে উন্মোচন করা হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন কিংবা সিগন্যাল সরঞ্জামও উদ্ধার করা সম্ভব হয়েছে।
মনোয়ারুল হক/
