সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): ঢাকার সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি এখনো উৎপাদনে যেতে পারেনি, সেগুলোকে চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো কারখানাকে কার্যক্রম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) এবং লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চামড়াশিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা এই খাতের অগ্রযাত্রাকে শ্লথ করেছে। সরকার এখন বিদ্যমান সমস্যাগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
মন্ত্রী জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে এবং সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। এছাড়া সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত ক্রোমিয়াম রিকভারি ইউনিট স্থাপনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর দেশ থেকে লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী ভারত বাংলাদেশের চামড়াজাত পণ্যের প্রধান ও সম্ভাবনাময় বাজার হিসেবে কাজ করছে। এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশবান্ধব কমপ্লায়েন্স এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
দেশের অর্থনীতিতে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও আয়বৈষম্য হ্রাসে এ খাতের অবদান বর্তমানে এক-চতুর্থংশেরও কম, যা অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নসংক্রান্ত জটিলতা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদে এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং এই কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ।
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জুডিথ আরেন্ডস। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন। নতুন এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মনোয়ারুল হক/
