ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১১ নভেম্বর): ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাগপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটা এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য। মিরাটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ২৬ বছর বয়সী ওই জওয়ানের অবস্থা অত্যন্ত সংকটজনক। তার মাথায় গুলি লেগেছিল। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে নিজ বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন ওই সেনাসদস্য, যার নাম সৌরভ তোমার। ঠিক সেই সময় স্থানীয় ধীরাজ ও তার ভাই মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
মুহূর্তের মধ্যেই এই তর্কাতর্কি সহিংসতায় গড়ায়। অভিযোগ রয়েছে, উত্তপ্ত পরিস্থিতিতে ধীরাজ একটি দেশীয় পিস্তল বের করে গুলি চালান। দেওয়ালের গায়ে লেগে সেই গুলিটি সৌরভের কানের পেছনের অংশে ও মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার সময় ধীরাজের ভাই লাঠি নিয়ে বিনীতের ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, এই পাল্টাপাল্টি মারামারির মাঝে মিন্টুও লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন। এই আকস্মিক সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দিকবিদিক ছুটে পালিয়ে যান। এরপর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরাও।
স্থানীয়দের ভাষ্যমতে, দুই পক্ষের লোকজনের মধ্যে আগে থেকেই সুসম্পর্ক ও জানাশোনা ছিল এবং তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে আনুমানিক দুই মাস আগে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বিরোধ তৈরি হয়েছিল।
জানা গেছে, ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সৌরভ। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী হিসেবে কর্মরত রয়েছেন। এটি ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত প্রাচীন ও জ্যেষ্ঠতম অশ্বারোহী রেজিমেন্ট। পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করার জন্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।
গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন প্রথমে সৌরভকে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখান থেকে তাকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হলেও পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে মিরাটেরই একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের মাধ্যমে সৌরভের মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হয়েছে। তবে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই সেনাসদস্যের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পরপরই সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইন নম্বরে ফোন করে পুলিশকে পুরো বিষয়টি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করে।
বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রথমে আহতদের বারাউতে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য তাদের মিরাটে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ এবং মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মনোয়ারুল হক/
