ডার্ক কমেডিতে তাসনিয়া ফারিণ
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): চরকির নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে ডার্ক কমেডি ঘরানায় প্রথমবারের মতো যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজটির ফার্স্টলুকে বিয়ের সাজে হাতে পিস্তল ও রহস্যময় লুকে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। ইমরাউল রাফাতের পরিচালনায় এ প্রজেক্টে ফারিণের চরিত্রের নাম ‘ক্যামেলিয়া’।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রথম ঝলক প্রকাশের মাধ্যমে সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রকাশিত ছবিগুলোতে ফারিণের পাশাপাশি ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখকে কালো পোশাকে অস্ত্রধারী পুরুষেরূপে দেখা গেছে, যা ঘিরে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে।
নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তাসনিয়া ফারিণ জানান, চরিত্রের নামের মতো এর গঠনশৈলীও বেশ ব্যতিক্রমী। ডার্ক কমেডি ঘরানার কাজ এবারই প্রথম করছেন এবং এতে যথেষ্ট ডার্ক এলিমেন্ট বা অন্ধকার উপাদান রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মে থ্রিলার ও মার্ডার মিস্ট্রির আধিক্যের ভিড়ে দর্শককে ভিন্নধর্মী বিনোদন দিতেই তিনি এই কাজ বেছে নিয়েছেন।
নির্মাতা ইমরাউল রাফাত জানান, এ ধরনের গল্পের ক্রাফটিং বেশ চ্যালেঞ্জিং। প্রতিটি পর্বে টুইস্ট, লেয়ার ও ক্লিপ হ্যাঙ্গার বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই এই ডার্ক কমেডি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, আরফান মৃধা শিবলু, শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু এবং সাইদুর রহমান পাভেল। অভিনেতাদের ভাষ্যমতে, গল্পটি যেমন হাস্যরসের তেমনি এতে রহস্য ও পারিবারিক আবহও রয়েছে। খুব দ্রুতই চরকি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া এই কাজটি নিয়ে বিনোদনপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মনোয়ারুল হক/

