পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স, যা পরবর্তীতে প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

এই দায়িত্বে আমিনুল ইসলাম মূলত হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি, অত্যাধুনিক কোচিং পদ্ধতি প্রবর্তন এবং উদীয়মান তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লাহোর কালান্দার্স তাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামো আরও সুদৃঢ় করতে চায়। একই সঙ্গে বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির, যার মূল অংশ হিসেবেই আমিনুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও রয়েছে আমিনুল ইসলামের সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া)’ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এমনকি সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বেও আসীন ছিলেন তিনি। প্রসঙ্গত, তাঁর বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ