শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি মাধ্যমে দেশে ফিরতে হবে

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কোনো বাধা দেখছে না সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই অবস্থান স্পষ্ট করেন।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশের প্রচলিত আইন এবং দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে।

তাঁর মতে, শেখ হাসিনা কেবল সাধারণ কোনো অপরাধী নন; বরং তিনি মানবতাবিরোধী অপরাধের মতো অত্যন্ত গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গণহারে সংঘটিত হত্যাকাণ্ড আর মানবতাবিরোধী অপরাধ এক নয়। দেশের সংবিধান অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণ মৌলিক মানবাধিকারের বিধানসমূহ রহিত বা স্থগিত থাকে।

ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, অতীতে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু আইনি জটিলতার কথা বলা হলেও, স্বয়ং শেখ হাসিনা যেহেতু বারবার দেশে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছেন, তাই দীর্ঘসূত্রতা বা আইনি জটিলতার প্রশ্ন অপ্রাসঙ্গিক। দুই দেশের মধ্যকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির সুনির্দিষ্ট বিধান অনুসরণ করেই তাঁকে হস্তান্তরের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

পাসপোর্ট ইস্যু ও আদালতের রায় প্রসঙ্গে উপদেষ্টা পরিষ্কার করেন যে, ভারতের একটি ল’ ফার্মের মাধ্যমে দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা ব্যক্তিগতভাবে পাসপোর্টের জন্য কোনো ধরনের আনুষ্ঠানিক আবেদন করেননি; ফলে এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতিমধ্যে কার্যকর রয়েছে এবং পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের প্রক্রিয়াটি একটি নিয়মিত নিয়মমাত্র, যা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে।

সবশেষে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সকল আইনি নিয়ম ও আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে মেনে একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে দেশে ফিরিয়ে আনা। কোনো প্রকার অস্পষ্ট বা অনানুষ্ঠানিক উপায়ে নয়, সুনির্দিষ্ট আইনি পথ অনুসরণ করেই তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ