কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন কপ-৩১-এ যোগদানের উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদলটি তুরস্কের উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এই সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরসূচি অনুযায়ী, আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী ১২ নভেম্বর এর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে আরও উপস্থিত রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আউয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পাশাপাশি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও তাঁর বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে।
এর আগে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান যে, এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারকরণ, বাণিজ্য ও বিনিয়োগ প্রসার, জলবায়ু সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই উচ্চপর্যায়ের বৈঠকগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থ সুরক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে। তবে বহুপক্ষীয় এই সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এসব বৈঠকে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলেও তিনি উল্লেখ করেন।
সফরের কার্যক্রম শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
