মানহীন বিশ্ববিদ্যালয় গুলো উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া বিগত ১৭ বছরে বিশ্ববিদ্যালয় অনুমোদনের ফলে উচ্চ ডিগ্রিধারী বেকারের হার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপ্রধান ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, মানহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান কাগুজে সনদ বিতরণের মাধ্যমে তরুণ সমাজকে অনিশ্চয়তা ও হতাশার চোরাবালিতে ফেলছে। অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক এজেন্ডা ও অতিরিক্ত মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকার পূর্বাচলে অবস্থিত আইইউবির ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, কেবল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করে উচ্চশিক্ষার প্রকৃত উৎকর্ষ মূল্যায়ন করা সম্ভব নয়। শিক্ষণপদ্ধতির মান, যুগোপযোগী সিলেবাস, দক্ষ শিক্ষকমণ্ডলী, ব্যবহারিক জ্ঞান ও প্রয়োগিক দক্ষতা এবং শোভন কাজের ক্ষেত্রই হলো কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের প্রকৃত মাপকাঠি। দেশের সামগ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বর্তমান স্থবিরতা থেকে মুক্ত করতে হবে।
তাঁর মতে, দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষাক্রম বহুধারায় বিভক্ত এবং সুযোগ ও অর্জিত দক্ষতার মাত্রায়ও রয়েছে পাহাড়সম ব্যবধান। এসব বৈষম্যের যৌক্তিক নিরসন করা সময়ের অপরিহার্য দাবি। বিভাজিত ধারাগুলোকে একসূত্রে গেঁথে একটি সর্বাঙ্গীন জাতীয় শিক্ষাব্যবস্থা গঠন করা দরকার। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে পড়াশোনার মান বিশ্বমানে উন্নীত করতে হবে, তবে তা করতে গিয়ে নিজস্ব কৃষ্টি, মাতৃভাষা, সাহিত্য ও ঐতিহ্যের শেকড় ভুুলে যাওয়া সমীচীন হবে না।
উচ্চশিক্ষাকে জব মার্কেটের সুনির্দিষ্ট চাহিদার সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত করার প্রতি জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রমিত, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে টেকনিক্যাল ও প্র্যাকটিক্যাল জ্ঞান, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের পথ প্রশস্ত করতে হবে। তরুণ প্রজন্মকে কেবল চাকরির পেছনে ছোটা প্রার্থী হিসেবে সীমাবদ্ধ না রেখে, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও বর্তমান প্রযুক্তির উৎকর্ষ কর্মক্ষেত্রের প্রথাগত ধারণাগুলো বদলে দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল জানান, আজ যে জ্ঞান দিয়ে পেশাগত দায়িত্ব পালন করা হচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো সম্পূর্ণ ভিন্ন দক্ষতার প্রয়োজন দেখা দেবে। এই পরিবর্তিত বাস্তবতায় শুধু সনদের স্তূপ জমালেই চলবে না; বরং নিত্যনতুন বিষয় আয়ত্ত করার স্পৃহা, স্বাধীন মননশীলতা, সংকট উত্তরণের ক্ষমতা এবং বদলে যাওয়া পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি আরও সতর্ক করেন যে, প্রযুক্তির ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা যেন মানুষের স্বকীয় মনন, সৃজনশীলতা ও নৈতিক মূল্যায়নকে ম্লান করে না দেয়। প্রযুক্তির জয়রথ যতই ত্বরান্বিত হোক না কেন, মানবিক মূল্যবোধ, সততা, সহমর্মিতা ও নৈতিকতার কোনো বিকল্প নেই।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রেপ্রধান বলেন, সমাবর্তন কেবল একটি আনুষ্ঠানিক সনদ প্রাপ্তির পর্ব নয়, বরং এটি দীর্ঘ মেধার সাধনা, শ্রম ও একনিষ্ঠতার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বিলিয়ে দেওয়ার শপথ নেওয়ার দিন। প্রাতিষ্ঠানিক পঠনপাঠন শেষ হলেও প্রকৃত মানুষ হিসেবে উৎকর্ষ সাধনের পথ কখনো সমাপ্ত হয় না।
তিনি যোগ করেন, উচ্চশিক্ষা লাভের সৌভাগ্য অর্জনকারীরা সমাজের একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণি। তাদের এই স্তরে পৌঁছাতে পরিবার ও রাষ্ট্রকে কম মূল্য দিতে হয়নি। তাই দেশবাসীর প্রত্যাশাও তাদের ঘিরে অনেক বেশি। একজন গ্র্যাজুয়েটের সফলতার মাপকাঠি কেবল ব্যক্তিগত প্রাপ্তির খতিয়ান দিয়ে মাপা যায় না, বরং তিনি পারিপার্শ্বিক মানুষের জীবনে কতখানি ইতিবাচক পরিবর্তন আনতে পারছেন, তার ওপরই নির্ভর করে তার সার্থকতা। শিক্ষার্থীদের সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি সততা ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রধানসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ, উপাচার্য, শিক্ষক-গবেষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ বছর বিশ্ববিদ্যালয়টির ২৭তম সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।
মনোয়ারুল হক/
