রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার মামলা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা এ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য প্রকাশ করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নের আনুষ্ঠানিক জবাব দেওয়া হয়।
অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য তুলে ধরেন।
এর আগে সংসদ সদস্য কেরামত আলী তাঁর প্রশ্নে উল্লেখ করেন—বিগত ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। কী কারণে এসব মামলা নিষ্পত্তি হতে বিলম্ব ঘটছে এবং তা কবে নাগাদ নিষ্পত্তি হবে, সে বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কি না, তা তিনি জানতে চান।
জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই শুরু হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
জেলা পর্যায়ের এসব কমিটির কার্যপদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এই কমিটিগুলো মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত গভীরভাবে পর্যালোচনা করে থাকে। সংশ্লিষ্ট মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে মামলাটি পরিচালনার কোনো আবশ্যকতা রয়েছে কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা আছে কি না—এসব বিষয় বিবেচনা করেই কেবল মামলা প্রত্যাহারের সুপারিশ করে থাকে কমিটি।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটিগুলোর সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বিত উপায়ে পরিচালনার জন্য একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রমাণিত হলে, তা প্রত্যাহারে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের ধারা অব্যাহত রাখা হবে।
মনোয়ারুল হক/
