রামেক হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১০ নভেম্বর): রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের দপ্তরে ইন্টার্নশিপে ফেরার অনুমতির বিষয়ে আবেদন নিয়ে আলোচনার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানাকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।
এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই দুই নেতাকে নিজেদের হেফাজতে নেন।
হাসপাতাল সূত্রে প্রকাশ, স্থগিত হওয়া ইন্টার্নশিপ পুনরায় চালু করার এবং কাজে যোগ দেওয়ার অনুমতি চেয়ে হাসপাতাল পরিচালকের কাছে আবেদন করেছিলেন ওই দুই ছাত্রলীগ নেতা। এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার একটি ডিসিপ্লিনারি কমিটি সভা করে। সভায় তাদের ইন্টার্নশিপের স্থগিতাদেশ বহাল রাখা কিংবা প্রত্যাহারের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত প্রদানকারী কমিটির মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষ হলেও তারা পরিচালকের কার্যালয়ে অবস্থান করতে থাকেন।
এদিকে তাদের পরিচালকের কক্ষে অবস্থানের তথ্য জানাজানি হলে ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে কার্যালয়ের সামনে জড়ো হন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চালিয়ে যান। খবর পেয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষায়িত ইউনিট ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং এসআরবি সদস্যরা দ্রুত হাসপাতালে উপস্থিত হন। পরবর্তীতে হাসপাতাল পরিচালকের অনুরোধে পুলিশ ওই দুই নেতাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। তাদের পুলিশি গাড়িতে ওঠানোর সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মারধর ও ডিম নিক্ষেপ করেন। ওই সময় পুলিশের সঙ্গেও শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়।
রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি এস এম তপু বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ অতীতে বিভিন্ন সময়ে নির্যাতন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি হাসপাতাল পরিচালকের কক্ষে বৈঠক করছিলেন। বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। এহেন ঘটনায় চিকিৎসক ও শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি শাস্তির জোর দাবি জানাচ্ছি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ছাত্রলীগের ওই দুই নেতা ইন্টার্নশিপ বহাল রাখার অনুরোধ জানিয়ে পরিচালকের কাছে আবেদন করেছিলেন। এ বিষয়ে ডিসিপ্লিনারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের ইন্টার্নশিপ স্থগিতের বিষয়ে পূর্বের কমিটির মতামত নেওয়া প্রয়োজন। পরিচালক সেই সিদ্ধান্ত জানিয়ে বৈঠক সমাপ্ত করেন। কিন্তু তারা কার্যালয়েই অবস্থান করতে থাকেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে তারা পুনরায় পরিচালকের কক্ষে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে তাদের আটক করে।
তিনি আরও যোগ করেন, বর্তমানে হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মো. গাজিউর রহমান জানান, ‘ছাত্রলীগের ওই নেতাকর্মীদের বিরুদ্ধে পূর্বে থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ পুলিশের কাছে ছিল। হাসপাতাল চত্বর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মনোয়ারুল হক/
