আপিল না করায় শেখ হাসিনা ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডিত পলাতক আসামি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো আইনগত ভিত্তি বা সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা হয়নি। ফলে তিনি দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গেই তার দণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া শুরু ও সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তার সাজা কমপক্ষে দুই বছর মেয়াদী হলে তাঁকে পাসপোর্ট প্রদান করার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে মানবতাবিরোধী অপরাধ, যার ফলে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের এ, বি, সি ও ই উপধারাগুলোর যৌথ বিশ্লেষণ অনুযায়ী, একজন দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট বা ভ্রমণের ছাড়পত্র দেওয়ার কোনো এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের হাতে নেই।

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের নিজ দেশে প্রবেশ এবং দেশত্যাগের মৌলিক অধিকারের কথা বলা থাকলেও, বিচারিক প্রক্রিয়া এড়িয়ে যারা পলাতক থাকেন, তাদের ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য নয় বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা আইনগত বিচারিক কার্যক্রম সম্পূর্ণভাবে এড়িয়ে গেছেন। তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের ই উপধারা অনুযায়ী, কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম এড়িয়ে চললে বা পলাতক থাকলে তাঁকে পাসপোর্ট দেওয়া আইনগতভাবে নিষিদ্ধ। সেই কারণে শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

লন্ডনভিত্তিক একটি আইনজীবী ফার্মের মাধ্যমে ভারতীয় দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন চিফ প্রসিকিউটর। তিনি স্পষ্ট করেন যে, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে স্বয়ং উপস্থিত থাকতে হয়। অথচ এই ক্ষেত্রে শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দলের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি; আবেদনটি করেছে একটি লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান।

আমিনুল ইসলাম বলেন, ভারতে অবস্থানরত কোনো ব্যক্তির পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনি চেম্বার কীভাবে আবেদন করে, তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং তাদের মধ্যে কী ধরনের আইনি চুক্তি হয়েছে তাও সম্পূর্ণ অস্পষ্ট। যদি এ ধরনের কোনো চুক্তি থেকে থাকে, তবে তার কপিও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ক্লায়েন্টের সঙ্গে যথাযথ চুক্তি না থাকলে ওই আইনি প্রতিষ্ঠান কীভাবে তাঁর পক্ষে পাসপোর্টের আবেদন করতে পারে, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।

চিফ প্রসিকিউটর আরও জানান, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ হলো স্বাধীনতার পর গঠিত প্রথম বাংলাদেশ সরকারের প্রণীত একটি বিশেষ আইন। এই আইনের সুনির্দিষ্ট বিধান অনুসারে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। একজন সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্র কিংবা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস প্রদান করা হলে তা আইনের শাসনের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে বলে তিনি মন্তব্য করেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ