তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): কপ৩১ সম্মেলনে অংশ নেওয়ার উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেলে ৪টা ৩ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

তিনি আরও জানান, ‘আন্তালিয়া বিমান বন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় দুই শিশু তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।’

তিনি বলেন, ‘বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে এবং প্রধানমন্ত্রী সেই অভিবাদন গ্রহণ করেন।’

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ নামক পাঁচতারা রিসোর্টে উঠবেন। আন্তালিয়ায় অবস্থানকালে তাঁর থাকার ঠিকানা হবে এই রিসোর্টটি।

এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ অন্যান্য সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

এর আগে মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের বিমানটি ইস্তাম্বুল বিমানবন্দরে এসে পৌঁছায়।

পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।

এরও আগে, সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরসূচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময়) আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা প্রসারের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

আসন্ন ১১ ও ১২ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন। এই ভাষণে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন প্রশ্নে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরবেন।

পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এর আগে গত সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পাবে। এই আলোচনাগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ অগ্রগণ্য।

ফলে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং উন্নত দেশগুলোর পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য।

জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সম্পর্কে তিনি জানান, আন্তর্জাতিক নানা ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির সঠিক হিসাব তুলে ধরে সচেতনতা তৈরি এবং সহযোগিতা বাড়াতে সচেষ্ট রয়েছে। ক্ষয়ক্ষতির হিসাবের ধরনে ভিন্নতা থাকলেও আন্তর্জাতিক পরিসরে তা উপস্থাপন বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের অর্জিত সাফল্যও এই সম্মেলনে তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিজস্ব অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করবে।

সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব গুণাবলী এবং প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে পাটজাত পণ্যের অপার সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হচ্ছে। এমনকি পাট ও পাটজাত পণ্যের বাজার প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি বিশেষ সাইড ইভেন্ট পরিচালনা করবে। এর একটির মূল বিষয় হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীদের বিশেষ ঝুঁকি এবং অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরা।

সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের মাধ্যমেই বাংলাদেশের এই সুনির্দিষ্ট অবস্থান চূড়ান্ত করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় রেখেই পররাষ্ট্র মন্ত্রণালয় এই কার্যক্রম সম্পন্ন করেছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের এই সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছে। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

কপ (কনফারেন্স অব দ্য পার্টিস) হলো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত কর্মপন্থা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পালন করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ