এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এই বৈঠক শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
তিনি জানান, উক্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও উপস্থিত রয়েছেন।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরুর আগের দিন দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তিন দিনের এক সরকারি সফরে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
