চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১০ নভেম্বর): দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ অবশেষে নিজের চাকরি ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে চাকরিতে পুনর্বহালের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায় দুদক।

একই সঙ্গে তার চাকরিচ্যুতির পূর্বের আদেশটি প্রত্যাহার করে বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৫ অক্টোবর আদালতের রায়ের প্রেক্ষিতে শরীফ উদ্দিন চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। পরবর্তীতে গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় তার আবেদনটি উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার করা আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের পূর্বের আদেশ প্রত্যাহার করে তাকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সিদ্ধান্ত অনুযায়ী, দুদকের প্রধান কার্যালয় থেকে জারিকৃত আদেশে শরীফ উদ্দিনের অপসারণের আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় কমিশনের চাকরিতে বহাল করা হয়েছে।

জারিকৃত আদেশে স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে, প্রচলিত বিধি অনুযায়ী তিনি তার পূর্বের জ্যেষ্ঠতা এবং বকেয়া সমস্ত বেতন-ভাতাসহ প্রাপ্য সকল সুযোগ-সুবিধা লাভ করবেন। আদেশ জারির তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়।

এর মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ের পর দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন।

এদিন শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন গণমাধ্যমকে জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক একটি লিভ টু আপিল দায়ের করেছিল। পরবর্তীতে সংস্থাটি নিজেই সেই আবেদন প্রত্যাহারের অনুরোধ জানায়। গত ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর ফলে শরীফ উদ্দিনের চাকরিতে ফিরে যাওয়ার পথ সম্পূর্ণ উন্মুক্ত হয় এবং জ্যেষ্ঠতা ও বকেয়া সুবিধাসহ পুনর্বহালে আইনগত আর কোনো বাধা অবশিষ্ট থাকে না।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি চাকরিতে পুনর্বহাল এবং অপসারণে ব্যবহৃত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত বলে ঘোষণা করেন। একই সঙ্গে আদেশটি শুরু থেকেই বাতিল করে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ প্রদান করেছিলেন আদালত। রায়ের অনুলিপি হাতে পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ওই নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়েছিল।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ