রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে আঙ্কারার রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখার জোরালো আহ্বান জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখায় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মঞ্চে তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, প্রতিরক্ষা খাতের সহযোগিতা আরও বিস্তৃত করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের অংশীদারত্ব এবং বাংলাদেশে তুর্কি বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন। পাশাপাশি, সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজন করায় তিনি তুরস্কের সরকারকে অভিনন্দন জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব আরও গভীর করার লক্ষে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও বহুমুখী করার ওপর জোর দেন। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনায় প্রধানমন্ত্রী জানান যে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ ও সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
