বাংলাদেশের নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশ, পরিবেশবান্ধব পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং নারী ও শিশুস্বাস্থ্য সুরক্ষা—এসব গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করার জোরালো আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।
বিশেষ করে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীদের নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতা দূর করতে দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।
এর আগে জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের মধ্যে একটি অত্যন্ত ফলপ্রসূ ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জানান, কপ-৩১ জলবায়ু সম্মেলনের প্রথম দিনেই ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাব এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জলবায়ু পরিবর্তনের নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অসামান্য সক্ষমতা ও সহনশীলতার উচ্চ প্রশংসা করেন এমিনে এরদোয়ান। এ সময় তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, সৌরশক্তি সম্প্রসারণ এবং অন্যান্য পরিবেশবান্ধব উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
পাশাপাশি, প্লাস্টিকের টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশের বিশ্বখ্যাত পাটজাত পণ্যের ব্যবহার তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয় এবং এ বিষয়ে তুরস্কের ফার্স্ট লেডি বিশেষ আগ্রহ প্রদর্শন করেন।
বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারী সমাজের ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে নারী ও শিশুদের দৈনন্দিন জীবনে যেসব স্বাস্থ্য ও সামাজিক সংকট তৈরি হচ্ছে, তা তুলে ধরেন। এ ছাড়া একটি সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে—বিশেষ করে দেশব্যাপী বৃক্ষরোপণ এবং মৃতপ্রায় খাল খনন কর্মসূচি—তার বিস্তারিত বিবরণ তিনি তুরস্কের ফার্স্ট লেডিকে জানান।
বাংলাদেশ সরকারের এসব সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে এমিনে এরদোয়ান মন্তব্য করেন যে, পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের অংশীদারত্বমূলক কাজের বিশাল সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে বলে জানান শামা ওবায়েদ। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর পরই এমিনে এরদোয়ান নিজে এসে বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছিলেন। দীর্ঘ সময় ধরে তুরস্ক সরকার যেভাবে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী ও টেকসই সমাধান হলো তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ স্বদেশে প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মৌলিক মানবিক অধিকারগুলো নিরবচ্ছিন্ন রাখতে তুরস্কের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে নারী ও শিশুরা যে গভীর সংকটের মুখোমুখি হচ্ছে, সে বিষয়ে আলোকপাত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান যে, উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতিদিন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। জলবায়ুজনিত অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং এর ফলে নারীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধির প্রসঙ্গটি বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়।
এই সংকটগুলো মোকাবিলায় তুরস্কের সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী এমিনে এরদোয়ান। এই উদ্দেশ্যে তিনি দ্রুতই বাংলাদেশে একটি অভিজ্ঞ বিশেষজ্ঞ দল পাঠাতে চান, যারা সরাসরি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দূর করা এবং মাতৃস্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে।
বৈঠকের একপর্যায়ে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। ২০১৭ সালের স্মরণীয় বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে এমিনে এরদোয়ানও বাংলাদেশে পুনরায় যাওয়ার গভীর আগ্রহ প্রকাশ করেন এবং সুবিধাজনক সময়ে শিগগিরই দেশটি সফর করার আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: বাসস
মনোয়ারুল হক/
