রাবির ভর্তি পরীক্ষা পেছাল, আবেদন শুরু ১৫ নভেম্বর

রাজশাহী প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১১ নভেম্বর): দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী পহেলা জানুয়ারি থেকে শুরুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, নতুন সূচি অনুযায়ী এবারের ভর্তি যুদ্ধ শুরু হবে ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) বাণিজ্যের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে অনলাইনে আবেদনের সময়সীমা সম্পর্কে তিনি উল্লেখ করেন, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে এই আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

যারা সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য বিশেষ সুযোগের কথা জানিয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন, তাদের ফলাফল প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সাপেক্ষে ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য বাড়তি ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

অন্যদিকে, এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতার শর্তে কিছু শিথিলতা আনা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুটিতে মিলিয়ে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। পাশাপাশি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ