জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী, বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন (কপ-৩১)-এর মূল ভেন্যুতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এ সময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

উক্ত সম্মেলনে পৃথিবীর বিভিন্নপ্রান্তের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত কাল তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল (কপ-৩১) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেখানে তিনি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উন্নত রাষ্ট্রগুলোর ঐতিহাসিক দায়দায়িত্ব, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রক্রিয়া, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছে।

প্রতিনিধিদলটিতে অন্তর্ভুক্ত রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।

আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর নিজ দেশে ফিরে আসার কথা রয়েছে।

সূত্র: বাসস

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ