বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ নভেম্বর): সামিত, হামজা ও ফারহানের জাদুকরি পারফরম্যান্সে সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে লাল-সবুজের সমর্থকদের উল্লাস আর মাঠে ফুটবলারদের একে অপরকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে ফিরেছে স্বস্তির এক রাত। লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত এই জয় তুলে নিয়েছে লাল-সবুজরা।
টানা দুই জয়ে ‘এ’ গ্রুপে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে গ্রুপ সেরার আসন দখল করেছে বাংলাদেশ। এই ম্যাচে সেমিফাইনালের টিকিট পেতে শ্রীলঙ্কার সামনে সমীকরণ ছিল অন্তত এক পয়েন্ট অর্জনের। কিন্তু বাংলাদেশ চারবার লঙ্কানদের জাল কাঁপানোয় গোল ব্যবধানে ভুটানের পেছনে পড়ে যায় তারা। শ্রীলঙ্কা মাত্র দুই গোলের ব্যবধানে হারলেও ভুটান সেমিফাইনালে চলে যেত পারত, আর এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশ চার গোল করে লঙ্কানদের টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে।
ম্যাচের গোল উৎসবের সূচনা করেছিলেন সামিত সোম, আর ব্যবধান দ্বিগুণ করেন হামজা। তবে ম্যাচের আলো কেড়ে নিয়েছে দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের করা অসাধারণ এক গোল। ৫৪ মিনিটে লঙ্কানদের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সে ঢুকে আরও দুই ডিফেন্ডারের মাঝ থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি বল জালে পাঠান। সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় কোনো ফুটবলারের পায়ে এমন মানের গোল দেখা যায়নি; ইউরোপীয় বা উচ্চ মানের প্রতিযোগিতাতেই এমন শৈল্পিক গোল সচরাচর দেখা যায়।
এদিন বাংলাদেশ দলের নেতৃত্ব সামলেছেন হামজা। তার কাপ্তানিতে শুরু থেকেই দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে দল। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে শ্রীলঙ্কার বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। যদিও হামজার নেওয়া শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। এর ঠিক দুই মিনিট পর হামজার ক্রসে লঙ্কান গোলরক্ষক পেরেরা বল গ্রিপ করতে ব্যর্থ হন। বক্সের মধ্যে সুযোগ পেয়ে সামিত শট নিলে তা ডিফেন্ডারে প্রতিহত হয়ে পুনরায় তার কাছেই ফিরে আসে। এরপর ফিরতি শট থেকে বল জালে জড়িয়ে গোলমুখ খোলেন সামিত।
প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা চালায় শ্রীলঙ্কা। তবে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা হামজার হাই প্রেসিং লঙ্কানদের সারাক্ষণ চাপে রাখে। এর ফলস্বরূপ ৪৩ মিনিটে নিজেই জালের দেখা পান তিনি। স্ট্রাইকার ইব্রাহিমের বাড়িয়ে দেওয়া পাস দারুণ নিয়ন্ত্রণে বক্সে প্রবেশ করে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান হামজা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফারহানের ম্যাজিক্যাল গোল শ্রীলঙ্কাকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেয়। তিন গোলের বড় লিড পেয়ে কোচ থমাস ডুলি দলের কৌশলগত পরিবর্তন আনেন। মাঠে নামান ফাহিম, জামাল, সুকি, রহমত ও হৃদয়কে। বদলি হিসেবে জামাল মাঠে নামলেও পুরো ম্যাচজুড়েই আর্মব্যান্ড ছিল হামজার হাতেই এবং তিনি শেষ পর্যন্ত মাঠে লড়াই চালিয়ে যান।
ম্যাচে বাংলাদেশের প্রতিটি কাউন্টার অ্যাটাকই লঙ্কান রক্ষণের জন্য ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। ৮৭ মিনিটে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে পেরেরার মাথার উপর দিয়ে বল চিপ করে টুর্নামেন্টের চতুর্থ ও শেষ গোলটি করেন রাকিব হোসেন। এই ৪-০ গোলের বড় জয়েই স্বস্তির পূর্ণতা পায় বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।
মনোয়ারুল হক/
