ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে

বগুড়া প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর): ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও বলেছেন, বিগত সরকারের আমলে তৈরি করা মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার গুঞ্জন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। আমি একটি আইনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আইনটি নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ নিজেই করে গেছে। মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ)-অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আজ সেই আইনের ফাঁদেই তারা পড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় সরকারের বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি ‘স্বনির্ভর গ্রাম সরকার’ পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেছিলেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এই ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে সম্ভাব্য পাঁচটি ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপ ৪ বা ৬ ফেব্রুয়ারি এবং রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষার পর এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপগুলো সম্পন্ন হবে।

আসন্ন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

বগুড়া প্রেসক্লাবের ঐক্যর প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অন্যান্য জেলায় একাধিক প্রেস ক্লাব থাকলেও বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের নেতৃত্বে এখানকার প্রেস ক্লাব ঐক্যবদ্ধ রয়েছে। এ ছাড়া বক্তৃতায় উত্তরবঙ্গের পরিবর্তে ‘উত্তর অঞ্চল’ শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান তিনি।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ ও সাধারণ সম্পাদক কালাম আজাদ।

অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননাসহ মোট ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন আমানুল্লাহ খান, যাহেদুর রহমান যাদু, খন্দকার আব্দুর রহিম, রবিউল হক খান, শেখ মাহবুব হোসেন লেমন, আব্দুর রউফ জালাল, কমলেশ মহন্ত শানু ও ইকবাল মুর্শেদ রিপন।

আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত ওয়াসিকুর রহমান বেচান, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, চপল কান্তি সাহা ও আতিকুর রহমান রুমন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ