নিবন্ধিত নিউজপোর্টালের মান বজায় রাখার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর পেশাগত মানদণ্ড এবং গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি জানান, সংবাদমাধ্যমের মান বাড়াতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করা একান্ত প্রয়োজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর (ওনাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে দেশের জনসাধারণের আত্মত্যাগের দিকটি মাথায় রেখে সংবাদ প্রকাশ করার তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভায় অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন প্রাপ্তি, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ চালু, পোর্টালগুলোর অডিট ব্যবস্থা এবং নিবন্ধন নবায়ন ফি মওকুফসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, উপস্থাপিত দাবিগুলোর সিংহভাগই অত্যন্ত যৌক্তিক।

তিনি আরও বলেন, নতুন সরকারের পক্ষে একদিনে সমস্ত দাবি পূরণ করা বাস্তবে সম্ভব নয়, তবে সরকার অনলাইন গণমাধ্যমের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানে আগ্রহী।

প্রতিমন্ত্রীর মতে, গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট মানদণ্ড অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি না হলে পাঠকদের আগ্রহ ধরে রাখা কঠিন হবে। এজন্য পোর্টালগুলোতে পেশাদার সাংবাদিকদের যুক্ত করার ওপর তিনি জোর দেন।

তিনি জানান, কেবল অনলাইন সংবাদমাধ্যমই নয়, বরং পর্যায়ক্রমে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাদের সমন্বয়ে আলোচনা সাপেক্ষে একটি যুগোপযোগী নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। নীতিমালা চূড়ান্ত করার আগে অংশীজন সবার মতামত নেওয়া হবে বলেও তিনি জানান।

ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার সভায় বলেন, নিবন্ধিত এবং সরকারি নিয়ম মেনে চলা অনলাইন নিউজপোর্টালগুলোর টিকে থাকা নিশ্চিত করতে সরকারি বিজ্ঞাপনসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান জরুরি। তিনি সংগঠনটির সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, অনলাইন নিউজপোর্টালগুলোর নিবন্ধন প্রতি বছর নবায়ন করার নিয়ম বাতিল করে অডিটের আওতায় নিয়ে আসার দাবি দীর্ঘদিনের। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন বরাদ্দের দাবি জানান তিনি।

তিনি আরও যোগ করেন, অনলাইন সংবাদমাধ্যমের উদ্যোক্তারা প্রচুর অর্থ বিনিয়োগ করছেন, অথচ কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা কীভাবে ওই প্রতিষ্ঠানের মালিকানা বা পরিচালনার দায়িত্ব বুঝে পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। তাই অনলাইন গণমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত একটি স্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের জোরালো দাবি জানান তিনি।

উক্ত সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান এবং ইউসুফ হাওলাদার বক্তব্য দেন। এ সময় সংগঠনের অন্য নির্বাহী সদস্যরাও উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ