নিরপেক্ষ ও স্বাধীনভাবে তথ্য অধিকার নিশ্চিত করবে কমিশন

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): গণতন্ত্রের চর্চা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ অবস্থানে থেকে কার্যক্রম পরিচালনা করবে। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত আজ সকালে এক সংবাদ সম্মেলনে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কমিশনার স্পষ্ট করে জানান যে, কমিশন কোনো বিশেষ পক্ষ বা সরকারের নয়, বরং নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তিনি উল্লেখ করেন, সংবাদকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহের মাধ্যমেই তথ্য কমিশনের এই স্বাধীন ও নিরপেক্ষ অগ্রযাত্রার আনুষ্ঠানিক সূচনা ঘটেছে। সাংবাদিকদের জন্য কমিশনের দরজা সর্বদা উন্মুক্ত থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই কমিশনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কমিশনের বর্তমান বিভিন্ন সংকটের কথা তুলে ধরে ড. নাহরিন ইসলাম খান জানান, ১৫ তলাবিশিষ্ট এই কমিশন ভবনে ৭৬ জন অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এত স্বল্প জনবল নিয়েই তারা সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তথ্য কমিশনকে আরও জনমুখী করে তুলতে ১০০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

তথ্যমেলা সপ্তাহ: রাইট টু ইনফরমেশন (আরটিআই) বা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করা হবে এবং পরবর্তীতে স্কুল-কলেজেও এই কার্যক্রম সম্প্রসারিত হবে।

অভিযোগ নিষ্পত্তি: গত দুই বছরে জমে থাকা ৯১৭টি পেন্ডিং অভিযোগের মধ্যে প্রথম পর্যায়ে ৯৫টি অভিযোগের শুনানি আগামী ১৬ ডিসেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। এছাড়া নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যেই ২০০-এর অধিক নতুন অভিযোগ জমা পড়েছে।

প্রশিক্ষণ ও মনিটরিং: সংবাদকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিবিদদের তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে। সরকারি অর্থায়ন কিংবা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট মনিটরিং করা হবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে নীতিমালা: দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার বলেন, এই চ্যালেঞ্জ উত্তরণে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের পথচলাকে আরও গতিশীল করবে।

সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার এস. এ. এম মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন সাধারণ মানুষের তথ্যের অধিকার প্রতিষ্ঠায় গেম চেঞ্জিং ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে গণমাধ্যমকে তিনি কমিশনের সবচেয়ে বড় অংশীদার হিসেবে অভিহিত করেন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে একযোগে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির প্রসারের ফলে সৃষ্ট মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনের ঝুঁকি রোধে বস্তুনিষ্ঠ তথ্যের প্রচার নিশ্চিতকরণেও গণমাধ্যমের জোরালো ভূমিকার ওপর জোর দেন তিনি।

অপর তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় কাজের পাহাড় জমে গেছে। এই সংকট দূর করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ