মজুরি বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

গাজীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর): বেতন বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরে পোশাকশিল্পের শ্রমিকেরা। এর ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে তীব্র দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে সড়কে অবস্থান নেন।

খোঁজ নিয়ে জানা যায়, ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়সহ বেশ কিছু দাবি নিয়ে আন্দোলন শুরু করেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। ওই সময় আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে সংহতি জানান। পরে তারা সবাই মিলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের দুই পাশেই যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

অন্যদিকে, নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম এবং স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। এ ছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীটওয়্যার লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা বারবার সড়কে এসে অবস্থান নিচ্ছেন। বর্তমানে ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন ও পুলিশ মোতায়েন রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ