হরমুজ প্রণালিতে নতুন নিয়মের ঘোষণা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর): যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পূর্বের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর দাবি, এই কৌশলগত নৌপথের সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সঙ্গে ইতোমধ্যে এক সমঝোতায় পৌঁছেছে তেহরান। পাশাপাশি, চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে ওয়াশিংটনের কাছে সাত দফা শর্ত পেশ করেছে ইরান; এই শর্তগুলো পূরণ না হলে কোনো ধরনের সমঝোতা আলোচনায় বসা সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হরমুজ প্রণালির ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি এবং সম্ভাব্য সামরিক উত্তেজনার বিভিন্ন দিক তুলে ধরেন গালিবাফ।

দীর্ঘ আট মাস ধরে চলমান সংঘাত নিরসনে তেহরানের প্রস্তাবিত সাত দফা পরিকল্পনার অংশ হিসেবেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে ওমানের সঙ্গে এই সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

এ সময় হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বা উন্মুক্ত জলসীমার অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন ইরানি পার্লামেন্টের স্পিকার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে কোনো উন্মুক্ত জলসীমা বা আন্তর্জাতিক জলসীমা বলতে কিছু নেই। এমনকি ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এর ভেতরের যাবতীয় নিয়মকানুন নির্ধারিত হবে এই প্রণালির দুই তীরবর্তী দেশের নিজস্ব আইন অনুযায়ী।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়ে গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিজেদের অবস্থান ও ওই সাতটি শর্ত ওয়াশিংটনের দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। এখন কেবল মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করছে ইরান। বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘বর্তমানে বল যুক্তরাষ্ট্রের কোর্টেই রয়েছে।’

তেহরানের পক্ষ থেকে দেওয়া প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া, সকল ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করা এবং যুদ্ধের আনুষ্ঠানিকভাবে অবসান ঘটেছে—এমন একটি স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফের দাবি, এই শর্তগুলো গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। তাই মার্কিনপক্ষের সঙ্গে নতুন করে কোনো টেবিলে বসার আগে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতেই হবে। তাঁর ভাষায়, অতীতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তার বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র যদি কোনো বাড়তি দাবি না তোলে এবং কোনো ধরনের অবিশ্বাস সৃষ্টিকারী আচরণ থেকে বিরত থাকে, তবে চুক্তি করা অত্যন্ত সহজ হবে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে বা অবিশ্বাস জন্মায় এমন কিছু না করে এবং পূর্বে সমঝোতা হওয়া বিষয়গুলোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে, তবে খুব স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তবে দুই দেশের মধ্যে সমঝোতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা হিসেবে মার্কিন প্রশাসনের প্রতি গভীর অনাস্থার কথা উল্লেখ করেন গালিবাফ। তিনি বলেন, ‘চুক্তির পথে আমাদের সবচেয়ে বড় অন্তরায় হলো যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার চরম ঘাটতি।’

সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার বিষয়টিও আলোচনায় আনেন এই ইরানি কর্মকর্তা। তাঁর দাবি, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার কূটনৈতিক উদ্যোগে পুতিনকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের জন্য অনুরোধ জানিয়েছিল মার্কিন কর্মকর্তারাই। মস্কো সফরের সময় তাঁকে এই অনুরোধ করা হয়।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে ওয়াশিংটনকে আবারও বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন গালিবাফ। তিনি মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী জানুয়ারি মাসে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া নতুন কংগ্রেসের তীব্র রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হবে।

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে তেহরান যে পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ, তা পুনর্ব্যক্ত করেন তিনি। এই লক্ষ্য অর্জনে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধের প্রস্তুতি আরও জোরালো করার ওপর জোর দেন গালিবাফ।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুতি আন্দোলনের মধ্যে চলমান সংঘাত নিয়েও কথা বলেন ইরানের পার্লামেন্টের স্পিকার। সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকার এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সংঘাতে কোনো বহিরাগত পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

আনসারুল্লাহ নামে পরিচিত হুতিদের প্রসঙ্গ টেনে গালিবাফ বলেন, ‘এতে বাইরের কারও কোনো ধরনের হস্তক্ষেপ করা উচিত নয়।’ তবে ইয়েমেন সরকার কিংবা সৌদি আরব—উভয় পক্ষই যদি সংকট নিরসনে কোনো সহায়তা চায়, তবে সেক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দিতে তেহরান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সরকার এবং সৌদি আরব উভয় পক্ষই যদি আমাদের কাছে সহায়তা চায়, তবে তাদের পারস্পরিক সংঘাত নিরসনে আমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব।’

এর আগে, সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গত অক্টোবর মাসে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যকার আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল ইরান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ