১১ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের ঋণসুবিধা

নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ নভেম্বর): আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য সহনীয় রাখতে খেজুর, ছোলা ও চিনিসহ মোট ১১টি পণ্য আমদানিতে ৯০ দিনের বিলম্বিত মূল্য পরিশোধের (ইউসেন্স) বিশেষ সুবিধা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। এই বিশেষ সুবিধা ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত বলবৎ থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর পূর্বে গত ৮ নভেম্বর আসন্ন রমজানকে সামনে রেখে এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, প্রতি বছরই রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছু না কিছু বৃদ্ধি পায়। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাত তুলে ব্যবসায়ীরা সাধারণত এই সুযোগ নিয়ে থাকেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীরা এখন থেকে চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর—এই ১১টি পণ্য আমদানির সুযোগ পাবেন। সরবরাহকারী বা ক্রেতার ঋণের (সাপ্লায়ার্স কিংবা বায়ার্স ক্রেডিট) মাধ্যমে আমদানিকারকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

বাজার বিশ্লেষকদের অভিমত, দেশের নিত্যপণ্যের বাজার মূলত হাতে গোনা কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। মূলত তাদের ইশারাতেই বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়। বিশেষ করে কোনো পণ্যের দাম একবার বেড়ে গেলে তা পরবর্তীতে হ্রাসের নজির প্রায় নেই বললেই চলে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, রমজান মাসে নির্দিষ্ট কিছু ভোগ্যপণ্যের চাহিদা বহুলাংশে বেড়ে যায়। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এসব পণ্যের বাজারদর টিকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগ গ্রহণ করেছে, যাতে আমদানিকারকরা পূর্বপ্রস্তুতি হিসেবে দ্রুত পণ্য আমদানির প্রক্রিয়া শুরু করতে পারেন।

তিনি আরও উল্লেখ করেন, আমরা মূলত চাই রমজানে সাধারণ ভোক্তাদের ওপর যেন বাড়তি পণমূল্যের কোনো চাপ তৈরি না হয় এবং সবাই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারেন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় পণ্য আমদানিতে এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং এর দাম সহনীয় মাত্রায় রাখতে বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে এই সুযোগ সৃষ্টি করা হয়েছে। ফলে আমদানিকারকদের পণ্য আমদানির প্রাক্কালে তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে না, বরং সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তা পরিশোধের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৩ আগস্ট জারিকৃত এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্যে আমদানির যে সুযোগ রাখা হয়েছিল, আসন্ন রমজানকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে তা আরও সম্প্রসারিত করা হলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নতুন এই সুযোগ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। দেশের সকল বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে তাদের সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারক প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পূর্বের অন্যান্য প্রাসঙ্গিক নিয়মকানুন অপরিবর্তিত থাকবে।

এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, প্রতি বছরই রমজানের আগে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিত্যপণ্য আমদানিতে নানা ছাড় দেওয়া হয়ে থাকে। কিন্তু দুঃখজনকভাবে এর প্রকৃত সুফল মাঠপর্যায়ে দেখা যায় না। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ব্যবসায়ীরা অনেকাংশেই সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকেন। রমজানকে কেন্দ্র করে কিছু পণ্যের বর্ধিত চাহিদাকে পুঁজি করে দেশের হাতে গোনা কয়েকটি করপোরেট গ্রুপ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, যা সরকারের অজানা নয়।

তিনি আরও যোগ করেন, সরকার প্রচলিত পণ্য মজুদ আইন যথাযথভাবে প্রয়োগ করে অহেতুক পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা রোধ করতে পারে। আমরা এবার দেখতে চাই, সরকার ব্যবসায়ীদের যে বিশেষ সুবিধা প্রদান করেছে, তার সুফল যেন সাধারণ মানুষ সরাসরি উপভোগ করতে পারে।

সাধারণত রমজান মাস ঘনিয়ে এলে দেশের বাজারে চাল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা ও খেজুরের চাহিদা অন্য সময়ের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পায়। এই সময়ে বাজারে এসব পণ্যের পর্যাপ্ত সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন সময় নানা পদক্ষেপ গ্রহণ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের এই নতুন প্রজ্ঞাপনের ফলে আমদানিকারক ব্যবসায়ীরা পণ্য আমদানিতে আরও বেশি উৎসাহিত হবেন বলেই আশা করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ