১০ প্রকল্পের অনুমোদন একনেক সভায়
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ নভেম্বর): জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৬ কোটি টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি টাকা।
বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে নতুন প্রকল্প হচ্ছে ০৫টি, সংশোধিত প্রকল্প ০৪টি এবং মেয়াদ বৃদ্ধির ০১টি প্রকল্প রয়েছে। সভা শেষে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম এসব তথ্য জানান।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম; পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু; অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
আজকের সভায় অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প রয়েছে। তা হলো ‘৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন)’ প্রকল্প এবং ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড মেডিকেল কলেজ হাসপাতাল এন্ড এনসিলারী বিল্ডিং ইন যশোর, কক্সবাজার, পাবনা, নোয়াখালী এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন)’ প্রকল্প। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের ৪র্থ বার মেয়াদ বৃদ্ধি প্রকল্প।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প হলো ‘পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (PDRIDP)’ প্রকল্প, ‘চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (প্রস্তাবিত ২য় সংশোধন)’ প্রকল্প।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন)’ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প হলো ‘আরইবি’র আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন’ প্রকল্প এবং ‘আরইবি’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ প্রকল্প।
পানি সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প হলো ‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নং-৬৪/২এ এবং ৬৪/২বি এর পুনর্বাসন’ প্রকল্প। এছাড়া সভায় ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৭টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়।
মনোয়ারুল হক/
