মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ নভেম্বর): আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক নিপীড়নসহ মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে গণশুনানির মাধ্যমে দায়ীদের শনাক্ত করার পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ গণমাধ্যমকর্মীদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রেরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে নিপীড়নের শিকার রাজনৈতিক দলের প্রতিনিধি, হতাহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় প্রেসক্লাব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে এই গণশুনানি পরিচালিত হবে।
পত্রে আরও জানানো হয়, এই কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। গণশুনানি শুরুর আগে প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে মাইকিং এবং নানা ধরনের গণমাধ্যমে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন এবং ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এ বিষয়ে তথ্য পৌঁছে দেওয়া হবে।
মনোয়ারুল হক/
