নতুন মজুরি ঘোষণার পরও মহাসড়কে পোশাকশ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৫ নভেম্বর): ন্যূনতম মজুরি বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস ও নাওজোড়সহ বেশ কয়েকটি কারখানার সামনে এই অবস্থান ও বিক্ষোভ শুরু হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে আসেন। তারা চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস এবং নাওজোড় এলাকার মহাসড়কে অবস্থান নিলে ওই পথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বন্ধ সড়ক সচল করতে পুলিশ ঘটনাস্থলে অগ্রসর হলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, জেলার কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছেন। আইনশৃঙ্খলা বাহিনী কোথাও শ্রমিকদের বুঝিয়ে এবং কোথাও শক্তি প্রয়োগ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে বুধবার সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ৩৫টি কারখানা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ন্যূনতম মজুরি বোর্ডের আলোচনা শেষে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়। এতে সর্বোচ্চ গ্রেডে (গ্রেড-১) ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) মজুরি ধরা হয়েছে ১৭ হাজার টাকা।

মজুরি বোর্ডের প্রস্তাবিত এই সিদ্ধান্তটি বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন মিললে আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে এবং শ্রমিকরা আগামী জানুয়ারি মাসে নতুন স্কেলে প্রথম বেতন পাবেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ