এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১০০ মেধাবী পাচ্ছেন সরকারি ল্যাপটপ
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৪ নভেম্বর): চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ অর্জনকারী ১ হাজার ১০০ মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ উপহার দেবে সরকার। দেশের ১১টি শিক্ষা বোর্ডের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন করে শিক্ষার্থী এ সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট প্রস্তাবনা অনুযায়ী, বোর্ডভিত্তিক মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বাছাই করা হয়েছে। সে হিসাবে ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটি থেকে ১০০ জন করে প্রাথমিক পর্যায়ে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী ল্যাপটপের জন্য মনোনীত হয়েছেন।
তবে ১০০তম অবস্থানে থাকা একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে বাড়তি ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। এর ফলে সব মিলিয়ে মোট দেড় হাজার শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে যুক্ত করা এবং ভালো ফলাফলে অনুপ্রাণিত করতেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়িত হবে। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫) মেনে এসব ল্যাপটপ কেনা হবে এবং আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের কাছে হস্তান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুরুতে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার চিন্তাভাবনা ছিল। তবে সরকার পর্যায়ক্রমে এ কর্মসূচি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা খরচ হতে পারে।
এ প্রসঙ্গে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’
মন্ত্রী আরও জানান, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হয়ে গেলে তাদের বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্যও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম এ বিষয়ে বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’
তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন যুগোপযোগী ও মানসম্মত কনফিগারেশনের হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক সীমিত হওয়ায় আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে সম্পৃক্ত করে এগুলো বিতরণের পরিকল্পনা করা হচ্ছে।
শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে প্রাধান্য দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের নীতিমালা অনুসরণ করা হয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা ও বিভাগভিত্তিক বিন্যাসের কারণে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি কাজে লাগানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০০ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার প্রকল্পে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তোলা এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যেই এ বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সূত্র: বাসস
মনোয়ারুল হক/
