রয়টার্সের প্রতিবেদন: শেখ হাসিনা বিজয় দিবসে দেশে ফিরতে চান
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ নভেম্বর): গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতে দুই বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর এই প্রথম তিনি দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানালেন। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
মুখপাত্রের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।’
বিবৃতিতে আরও দাবি করা হয়, ‘সংবিধান লঙ্ঘন করে এ ধরনের পরিস্থিতিতে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার দেশে ফেরা নিশ্চিত করা সরকারেরই দায়িত্ব।’
চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্টসহ আনুষঙ্গিক নথিপত্র সংগ্রহের প্রক্রিয়া শুরু করার পরপরই শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনার কথা প্রকাশ্যে এলো। ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মাথায় তার পূর্ববর্তী পাসপোর্টটি বাতিল করা হয়েছিল। নতুন করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পাশাপাশি তিনি এখন দেশে ফেরার বিষয়ে সরকারের সহযোগিতা চাইছেন।
তবে এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও সরকারের সংশ্লিষ্ট মুখপাত্র কোনো সাড়া দেননি।
এর আগে গত রোববার রয়টার্সকে বাংলাদেশের একজন মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।
উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছিলেন।
জাতিসংঘের তথ্যমতে, ২০২৪ সালের ওই আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। রক্তক্ষয়ী ওই গণঅভ্যুত্থানের মুখে পড়েই ওই বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
বর্তমানে বাংলাদেশে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও নথিপত্র সংগ্রহের এই উদ্যোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। সূত্র : রয়টার্স
মনোয়ারুল হক/
