এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজার শিক্ষার্থী। সেই আবেদনের পর বদলে গেল ৩৩ হাজার ৩৪৯ জনের ফল। ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে আবেদনকারীদের প্রায় ৪৪ শতাংশের ফল বদলেছে।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২১১ শিক্ষার্থী। এসব আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।
ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ হার আবেদনকারীদের ৭ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।
বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। ২২ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, যেখানে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।
মনোয়ারুল হক/
