মজুরি বোর্ডের সভা শুরু, বাইরে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার বোর্ডের কার্যালয়ে এই বৈঠক চলাকালে বাইরে ভিন্ন ভিন্ন দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। হেলপার পদে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আটক শ্রমিক ও নেতাদের মুক্তি এবং সব ধরনের হয়রানি-নিপীড়ন বন্ধের দাবি তুলছেন আন্দোলনকারীরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচার শ্রম ভবনে বোর্ডের আনুষ্ঠানিক সভা শুরু হয়। আজকের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
বৈঠকে পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে তাদের লিখিত প্রস্তাব পেশ করবেন। এর পরবর্তী ধাপে এই শিল্প খাতের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে সোমবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ (গাজীপুর), বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ এবং গার্মেন্টস শ্রমিক পরিষদ। সংগঠনগুলোর প্রদর্শিত ব্যানার ও ফেস্টুনে হেলপারের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, মজুরি বোর্ডের কার্যক্রমে সময়ক্ষেপণ বন্ধ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের জন্য মর্যাদাপূর্ণ মজুরি নির্ধারণের দাবি তুলে ধরা হয়।
পাশাপাশি আটককৃত শ্রমিক ও নেতাদের নিঃশর্ত মুক্তি, শ্রমিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ এবং মজুরি আন্দোলনে প্রাণ হারানো শ্রমিক তৌফিক ও সেলিমের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন-১২১ অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো। দমন-পীড়নের পথ পরিহার করে অর্থবহ আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়া, চাকরির নিরাপত্তা এবং শিল্পের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ উপস্থাপন করেন। ওই প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব রাখা হয়েছে।
একই প্রস্তাবে অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মাসিক মজুরি নির্ধারণের সুপারিশ করেছে শ্রমিকপক্ষ।
তবে দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করতে ব্যর্থ হয়। প্রস্তাব চূড়ান্ত করার জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করে। সেই সময়সীমা অনুযায়ী, গত ১৫ নভেম্বরের মধ্যে তাদের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।
এরও আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিক উভয় পক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৬ নভেম্বর তৃতীয় সভার দিন ধার্য থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয় এবং ২৩ নভেম্বর সভা আয়োজনের নতুন তারিখ ঘোষণা করা হয়।
বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এই কাঠামো ওই বছরের ডিসেম্বর মাস থেকে কার্যকর হয়। এর পূর্বে ২০১৮ সালে ঘোষিত কাঠামোতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।
নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও সাধারণ শ্রমিকেরা। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জোরালোভাবে জানানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও সামগ্রিক জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়াকে এই দাবির প্রধান কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের উদ্দেশ্যে ছয় সদস্যবিশিষ্ট নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন। অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
মনোয়ারুল হক/
