শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৩ নভেম্বর): রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার গভীর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ইমিগ্রেশন পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ডে যাওয়ার লক্ষ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার জন্য বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন আসলাম। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় পুলিশ তাকে আটক করে।
সূত্রমতে, আসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পরপরই তাকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে তাঁকে ডিবির হেফাজতে হস্তান্তর করা হয় এবং বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ডিবি পরিচালনা করছে।
গ্রেপ্তারকৃত আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। তাঁর পিতার নাম শেখ জিন্নাত আলী।
শেখ মো. আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামে পরিচিত, নব্বইয়ের দশকের একজন আলোচিত সন্ত্রাসী। তৎকালীন চারদলীয় জোট সরকারের শাসনামলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল।
তাঁর অপরাধ জীবনের শুরুটা ১৯৮৬ সালে; সে বছর রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর থেকেই একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ সামনে আসতে থাকে। জীবনের একপর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর নামের আগে ‘সুইডেন’ তকমাটি যুক্ত হয়ে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আসলাম আদালত থেকে খালাস লাভ করেন, তবে সেসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো আপিল করেনি। এছাড়া অন্য একটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনে দায়ের করা দুটি পৃথক মামলায় তাঁর যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ডাদেশ হলেও পরবর্তীতে উচ্চ আদালত থেকে তিনি সেসব মামলায় অব্যাহতি পান।
পুলিশের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয়েছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন এবং এ ঘটনায় আসলামসহ মোট ২০ জনকে আসামি করে মামলা করা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলার অভিযোগপত্র দাখিল করে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। উল্লেখ্য, এই মামলায় জামিন লাভ করে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন।
মনোয়ারুল হক/
