কারচুপিসহ নানা অনিয়মের প্রমাণ, হাসপাতালে দুদকের অভিযান
ফরিদপুর প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২২ নভেম্বর): ফরিদপুর জেনারেল (সদর) হাসপাতালে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে উঠে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র। এর মধ্যে সরকার নির্ধারিত টিকিটের মূল্যের চেয়ে দ্বিগুণ দাম নেওয়া, রোগীদের মাঝে সরবরাহকৃত নিম্নমানের খাবার ও উপকরণের পরিমাণ কম দেওয়া, চিকিৎসক অনুপস্থিতি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়টি সামনে এসেছে। প্রাপ্ত এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক জানিয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এই অভিযান শুরু হয়। সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এতে অংশগ্রহণ করে। বিভিন্ন অনিয়মের অভিযোগে চলমান এই অভিযান আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এনফোর্সমেন্ট দল সূত্রে জানা যায়, গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিকেট কাউন্টারে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরেন তারা। একই সাথে বিক্রিত টিকিটের সংখ্যার চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায়ের সত্যতাও পাওয়া যায়। পাশাপাশি নির্ধারিত চিকিৎসকদের অনুপস্থিতি এবং সময়মতো উপস্থিত না থাকার প্রমাণ মিলেছে বলে দুদক জানায়। এছাড়াও দন্ত বিভাগের এক চিকিৎসক কর্তৃক রোগীদের ব্যক্তিগত চেম্বারে যাওয়ার জন্য উদ্বুদ্ধকরণের সত্যতাও পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজ জানান, রোগীদের মাঝে নিম্নমানের খাবার সরবরাহেরও প্রমাণ পেয়েছে দুদক। যেখানে ৯৫ টাকা দামের চালের পরিবর্তে নিম্নমানের চালের ভাত এবং ২০০ গ্রাম পাঙ্গাশ মাছের পরিবর্তে ৮০ গ্রাম মাছ রান্না করে সরবরাহের সত্যতা মিলেছে। এর পাশাপাশি ওষুধ সামগ্রী অত্যন্ত অরক্ষিতভাবে সংরক্ষণ করা হচ্ছিল, যেখানে অভিযানকালে কুকুরের বসবাসেরও প্রমাণ পাওয়া যায়।
মনোয়ারুল হক/
