প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, আলোকিত সময়, ঢাকা (২১ নভেম্বর): সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারপ্রধানের সাথে এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
এর পূর্বে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
কুর্মিটোলার ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে এবং সবশেষে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
মনোয়ারুল হক/
