রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে 

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ নভেম্বর): বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বদরবারে একটি আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও বড় বিষয় হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য সংগ্রাম করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করা। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন করা সম্ভব নয়। আর সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও স্বজন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আপনারা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই ঐতিহাসিক গৌরবের অংশীদার। আপনাদের জানাই বীরোচিত অভিনন্দন।

মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষদের ত্যাগের মধ্য দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে।

তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদানকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে যেসব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন, তা মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা। তাঁদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের প্রচেষ্টা চালিয়েছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো সাফল্য ও গৌরব আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটি যে একটি সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনও প্রণয়ন করা হয়েছিল।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সময়ের পরিক্রমায় অনেক বীর মুক্তিযোদ্ধাই আজ বয়সের ভারে ক্লান্ত। তবুও জীবনসায়াহ্নে এসে তাঁদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে।

সরকারপ্রধান দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ নিয়ে আসছে, সে জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী পুনরায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করেন।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ